গৃহবধূকে হত্যা, যৌতুকের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার গৃহবধূ কুলসুম খাতুন (৩১) আজ মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। কুলসুমের স্বামীর অভিযোগ, তাঁর ছোটভাই বিটুল মিয়ার ছুরিকাঘাতে কুলসুম মারা গেছেন। কুলসুমের বাবার অভিযোগ, যৌতুক না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটনো হয়। এই অভিযোগে তিনি জামাতাসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের বাদু মিয়া তরফদারের দুই ছেলে চান মিয়া ও বিটুল মিয়ার পরিবারের মধ্যে দুই বছর ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত রোববার সকালে দুই ভাইয়ের স্ত্রী কুলসুম খাতুন ও পিনজিরা খাতুনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কুলসুমকে পিনজিরার স্বামী বিটুল মিয়া ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন কুলসুমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কুলসুম মারা যান।
এ ঘটনায় নিহত কুলসুমের বাবা পারলিÿপুর গ্রামের ভুলু সরকার বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবরসহ আটজনের বিরুদ্ধে আজ দুপুরে হত্যা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে ভুলুর মেয়ে কুলসুম খাতুনের সঙ্গে চান মিয়ার বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই। চান মিয়া তাঁর (ভুলু সরকার) কাছে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা চেয়ে আসছিলেন। টাকা না পেলে কুলসুমকে তালাক দিয়ে তিনি অন্য স্থানে বিয়ে করবেন বলে হুমকি দেন। এ ঘটনার জের ধরে তাঁরা কুলসুমকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
চান মিয়ার ভাষ্য, ‘পারিবারিক বিবাদ চলাকালে একপর্যায়ে ছোট ভাই বিটুল আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এখানে যৌতুকের কোনো বিষয় নেই। তাঁরা আমার বাবা-মাসহ আমাকে মিথ্যা আসামি করে মামলা করেছেন।’

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেনের তথ্যমতে, কুলসুম খাতুনের পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খুনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।