গৃহবধূকে হত্যা, স্বামীর স্বীকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ায় ফরিদা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফরিদার স্বামী এমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এমদাদ তাঁর স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ফরিদা পূর্ব নাখালপাড়ায় থাকতেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ওই বাসা থেকে ফরিদার লাশ উদ্ধার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ফরিদার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ফরিদার সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে তাঁর স্বামী এমদাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এমদাদ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফরিদাকে হত্যা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, ফরিদার স্বামী এমদাদকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। মর্গে ফরিদার ভাই মোহাম্মদ রাসেল সাংবাদিকদের বলেন, ১১ বছর আগে ফরিদার বিয়ে হয়। দুই বছর আগে তাঁর অমতে আরেকটি বিয়ে করেন এমদাদ। এ নিয়ে ঝগড়াঝাঁটির জের ধরে এমদাদ তার বোনকে হত্যা করেছে।
ফরিদার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।
কিশোরীর আত্মহত্যা: গতকাল দুপুরে পল্লবী থানার ৬ নম্বর সেকশনের সি ব্লকের নিজেদের বাসায় কিশোরী জিতু আক্তার (১৭) সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না বেঁধে আত্মহত্যা করে। এ সময় জিতু ছাড়া অন্যরা বাসার বাইরে ছিলেন। তার বাবার নাম কালু মিয়া।
পুলিশ জিতুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। জিতুর চাচা নয়ন মিয়া জানান, জিতু মানসিক ভারসাম্যহীন ছিল। সে আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল।