গৃহবধূকে হত্যার অভিযোগ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় লাকি বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকির শাশুড়ি সায়রা বেগম, নানিশাশুড়ি ফজিলা বেগমসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সায়রা ও ফজিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে থানাহাজতে সায়রা দাবি করেন, লাকিকে কেউ হত্যা করেনি। অভিমান করে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সর্দারপাড়া গ্রামের সাজ্জাদুল ইসলামের (২৮) সঙ্গে দুই বছর আগে রংপুর সদর থানার জুম্মাপাড়া গ্রামের আনিছুলের মেয়ে লাকির (২৩) বিয়ে হয়। বিয়ের পর লাকি দেখতে পান, তাঁর শাশুড়ির ঘরে বহিরাগত লোকজন অবাধে যাতায়াত করেন। এর প্রতিবাদ করায় তাঁকে প্রায়ই মারধর করতেন স্বামী, শাশুড়িসহ পরিবারের লোকজন। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠক হয়। গতকাল সকালে একই কারণে প্রতিবাদ করলে লাকিকে তাঁরা ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরই সাজ্জাদুল বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর সায়রা ঘরের মেঝেতে লাশ রেখে প্রতিবেশীদের মধ্যে প্রচার করেন, লাকি আত্মহত্যা করেছেন।
বদরগঞ্জ থানার এসআই তৈয়ব আলী সরকার বলেন, ধারণা করা হচ্ছে, শোবার ঘরে গলায় দড়ি পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সায়রা ও ফজিলাকে গ্রেপ্তার করা হয়েছে।