গৃহবধূকে হত্যার অভিযোগ, ব্যবসায়ীর লাশ উদ্ধার
শরীয়তপুরের শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম বগাদি গ্রামে পলি আক্তার (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ যশোরে সুশান্ত কুণ্ডু (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে৷
শরীয়তপুর সদর থানার পুলিশ, গৃহবধূর পরিবার জানায়, ২০০৮ সালে সদর উপজেলার গ্রাম চিকন্দি গ্রামের খলিল বেপারীর মেয়ে পলি আক্তারের সঙ্গে পশ্চিম বগাদি গ্রামের ফজলে গনির ছেলে কামাল গনির বিয়ে হয়৷ বিয়েতে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়৷ বিয়ের কয়েক দিন পরই আরও দুই লাখ টাকার জন্য স্বামী ও তাঁর পরিবার পলিকে চাপ দিতে থাকে৷ যৌতুকের দাবিতে প্রায়ই তাঁকে মারধর করা হতো৷
গত মঙ্গলবারও পলিকে মারধর করে ঘরে আটকে রাখেন কামাল৷ মারধরের বিষয়টি মুঠোফোনে পলি তাঁর মাকে জানান৷ বুধবার দুপুরে প্রতিবেশীরা পলির লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানান৷ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এ ঘটনায় পিটিয়ে হত্যা করার অভিযোগে পলির বাবা খলিল বেপারী বাদী হয়ে কামাল ও তাঁর পরিবারের পাঁচজনকে আসামি করে মামলা করেন৷
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসামিরা পলাতক রয়েছেন৷
যশোর েকাতোয়ািল থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সদর উপজেলার রাজারহাট এলাকার ভাড়া বাড়িতে ভোজ্যতেল ব্যবসায়ী সুশান্তের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন৷ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ সুশান্ত ওই বাড়িতে একাই ছিলেন৷ তিনি সদর উপজেলার হৈবৎপুর এলাকার ভগীরথ কুণ্ডুর ছেলে৷ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে৷ মামলায় প্রতিবেশী রিজিয়া বেগমসহ (৪৫) অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে রিজিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷
থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তেল ব্যবসায়ী হওয়ায় সুশান্তের ঘরে সব সময় মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার থাকত৷ এসবের লোভেই রিজিয়া সন্ত্রাসী দিয়ে সুশান্তকে শ্বাসরোধে হত্যা করিয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷