গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীসহ তিনজন আটক
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গত রোববার রাতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মনিরা খাতুন। তিনি উপজেলার রতনপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। মনিরার বাবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে। স্বামী বাবুল ছাড়াও আটক অন্য দুজন হলেন শ্বশুর গোলাম সারোয়ার মোল্লা ও শাশুড়ি কল্পনা খাতুন। এ ছাড়া ঘটনার পর থেকে মনিরার দেবর এরশাদ আলী পলাতক রয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, মনিরার লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর গলায় দাগ দেখা গেছে। তবে এটি হত্যাকাণ্ড না অন্য কোনো কারণে মৃত্যু, সেটি ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মনিরার স্বামীসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
নিহত গৃহবধূর বাবা মনিরুল হক বলেন, প্রায় আট বছর আগে মনিরার সঙ্গে বাবুল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মনিরাকে নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে মনিরাকে শ্বাস রোধ করে হত্যা করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে তাঁরা মনিরাকে অসুস্থ দেখিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে রতনপুর গ্রামে অভিযান চালিয়ে মনিরার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে পুলিশ।
স্বামী বাবুল হোসেন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় দাবি করেন, রাতে মনিরা স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফকরুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই মনিরার মৃত্যু হয়েছে।