গৃহবধূকে হত্যার অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নাসিমা বেগম (২৮) নামের এক গৃহবধূকে হত্যা করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।নাসিমার বড় ভাই উজ্জ্বল মিয়া জানান, দক্ষিণকুল গ্রামের বাসিন্দা আবুল হাসনাতের সঙ্গে আট বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাসনাত যৌতুক দাবি করে আসছিলেন। তা না দেওয়ায় হাসনাত নাসিমাকে প্রায়ই মারধর করতেন। দুই বছর আগে হাসনাত ৫০ হাজার টাকা দাবি করলে তাঁরা হাসনাতসহ পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।উজ্জ্বল জানান, মামলার পর থেকে নাসিমা তাঁদের বাড়িতেই ছিলেন। তিন মাস আগে হাসনাত ক্ষমা চেয়ে নাসিমাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর আবার তিনি যৌতুক চাওয়া শুরু করেন। তিনি বলেন, গতকাল হাসনাতের পরিবারের সদস্যরা তাঁদের জানান, নাসিমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। উজ্জ্বল বলেন, মামলা করায় প্রতিশোধ নিতেই নাসিমাকে হাসনাত ও তাঁর পরিবারের লোকজন নাসিমকে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। আবুল হাসনাত দাবি করেন, নাসিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।