গৃহবধূকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপায় তানজিলা বেগম নামের (২৪) এক গৃহবধূকে হত্যার পর তাঁর লাশ হাসপাতালে ফেলে রাখা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সবুজ পেয়াদা ও শ্বশুর মো. আবুল পেয়াদা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ গৃহবধূ তানজিলার বাবা গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. মোজাম্মেল হক শিকদারের।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটায় তানজিলা বেগমকে সবুজ ও আবুল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁরা তানজিলাকে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় একটি বেঞ্চে শুইয়ে রেখে চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদ হোসেনকে চিকিৎসা দেওয়ার অনুরোধ করেন। জাহিদ হোসেন শারীরিক অবস্থা পরীক্ষা করে তানজিলাকে মৃত ঘোষণা করলে সবুজ ও আবুল কৌশলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তানজিলার লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ‘আমাদের ধারণা, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার মিনিট দশেক আগে তানজিলা মারা গেছেন।’