গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী গ্রামে গত সোমবার বিকেলে সুলতানা বেগম (২৮) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই নিহত গৃহবধূর খালতো ভাই আজাদুল হক খান বাদী হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত স্বামী আবদুর রহিম (৩০) ও তাঁর মা-বাবা পলাতক রয়েছেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরুখালী ইউনিয়নের উত্তর মিরুখালী গ্রামের মজিবুর রহমান হাওলাদারের ছেলে আবদুর রহিমের সঙ্গে একই ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মনসুর আলী হাওলাদারের মেয়ে সুলতানা বেগমের প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুটি ছেলেসন্তান রয়েছে। আবদুর রহিম বিয়ের পর বিভিন্ন সময় স্ত্রীর পরিবারের কাছ থেকে ব্যবসার কথা বলে তিন লাখ টাকা যৌতুক নিয়েছেন। সম্প্রতি তিনি স্ত্রীকে বাবার বাড়ি থেকে আরও এক লাখ টাকা আনতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার বিকেল পাঁচটার দিকে ঝগড়ার একপর্যায়ে স্বামী ও শ্বশুরপক্ষের লোকজন সুলতানাকে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।গৃহবধূর ভাই শহীদ হাওলাদার বলেন, ‘আমাদের কাছে বোনজামাই রহিম এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দেওয়ায় রহিম ও তার মা-বাবা সুলতানাকে পিটিয়ে হত্যা করে।’মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ জানান, হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।