গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) গ্রামে কাকলি বেগম (২১) নামের এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। কাকলি ওই গ্রামের পারভেজের স্ত্রী।কাকলির বাবা লিটন হোসেন অভিযোগ করেন, বুধবার দুপুর ১২টায় পারভেজ যৌতুকের জন্য কাকলিকে মারধর করেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে তাঁকে গলা টিপে ও তলপেটে ঘুষি মেরে গুরুতর আহত করে ঘরে ফেলে রাখেন। কিছুক্ষণ পর পারভেজসহ পরিবারের লোকজন কাকলির কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা সহকারী মনোয়ারুল ইসলাম জানান, এখানে আনার আগেই কাকলির মৃত্যু হয়েছে। তাঁর গলায় দাগ ছিল।এ ব্যাপারে পারভেজ বলেন, কাকলি ঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। তবে কাকলিকে যৌতুকের জন্য চাপ দেওয়া ও মারধরের কথা তিনি অস্বীকার করেন।গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে পারভেজের সঙ্গে উপজেলার আমেরিকা ক্যাম্প এলাকার কাকলির বিয়ে হয়। বিয়ের পর থেকে পারভেজ ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের দাবি করে বিভিন্ন সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ কারণে কাকলি কয়েকবার বাবার বাড়ি চলে আসেন। পরে আবার পারভেজ কৌশলে তাঁকে নিয়ে আসেন।পারভেজের প্রতিবেশী আমিনুল ও নবির জানান, স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। পারভেজ অনেক সময় নেশাগ্রস্ত থাকতেন।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা, না আত্মহত্যা, এ ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না।