গৃহবধূকে হত্যার অভিযোগ
ফেনীর দাগনভূঞায় গৃহবধূ আমেনা বেগমকে (৪৫) হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী সাহাব উদ্দিন (৫৫) ও সতিন নাছিমা আক্তাকে (৩২) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সাহাব উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম সেলিম দাগনভূঞা থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের সাহাব উদ্দিন তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর বাবার বাড়ি যশোরে। তিনি স্বামীর বাড়িতে থাকেন। এক স্ত্রী ইতিমধ্যে মারা গেছেন। সাহাব উদ্দিনের অপর স্ত্রী নাছিমা আক্তারের সঙ্গে প্রথম স্ত্রী আমেনা বেগমের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরে দ্বিতীয় স্ত্রী পাশেই তাঁর বাবার বাড়িতে চলে যান এবং সেখানে থাকতে শুরু করেন।
সাহাব উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে তাঁর বাবা সাহাব উদ্দিনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর মা তাঁকে (সাহাব উদ্দিন) ফোন করেন। তখন তাঁর বাবা মাকে (আমেনা) জানান তিনি দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে আছেন। এ সময় বাবা তাঁকে (আমেনা) তাঁর (সাহাব উদ্দিন) সঙ্গে দেখা করতে বলেন। এরপর তাঁর মা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তাঁকে পাওয়া যায়নি। বুধবার সকালে তাঁর বাবা তাঁকে (আরিফুল) ফোন করে জানান, বাড়ির পাশের খালের পাড়ে মায়ের (আমেনা) লাশ পড়ে আছে। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বুধবার রাতে পুলিশ সাহাব উদ্দিন ও তাঁর স্ত্রী নাছিমাকে গ্রেপ্তার করেছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিয়াজ উদ্দিন জানান, ময়নাতদন্তের সময় লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।