গৃহবধূকে হত্যার অভিযোগ
ফেনী সদর উপজেলার নেয়ামতপুর গ্রামে রাজিয়া সুলতানা আঁখি (২৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মো. ইউছুপ ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মো. দুলাল শিকদার পলাতক। গতকাল রোববার ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার নুরপুর গ্রামের রাজিয়া সুলতানার সঙ্গে ২০০৭ সালে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। শহীদুলের বিদেশে থাকার সুযোগে রাজিয়া বাগেরহাটের মো. দুলাল শিকদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দুলাল ফেনীতে ছোটখাটো ঠিকাদারি কাজ করেন। বছর দুয়েক আগে রাজিয়া তাঁর স্বামীকে ছেড়ে দুলাল শিকদারকে বিয়ে করেন। ১ মার্চ থেকে তাঁরা ফেনী সদর উপজেলার নেয়ামতপুর গ্রামে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার রাত ১২টার দিকে দুলাল তাঁর স্ত্রী রাজিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেনী সদর হাসপাতালে রেখে পালিয়ে যান।
শনিবার বিকেলে রাজিয়ার বাবা ফেনী সদর হাসপাতালের মর্গে মেয়ের লাশ শনাক্ত করেন। রাতে তিনি মামলা করেন।