গৃহবধূকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভাটেরা গ্রামে গতকাল সোমবার অনিতা রানী সরকার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর আগে ভাটেরা গ্রামের সুধীর সরকারের ছেলে লিটন সরকারের সঙ্গে বাঞ্ছারামপুরের অলুকান্দি গ্রামের নকুল চন্দ্র সরকারের মেয়ে অনিতা রানী সরকারের বিয়ে হয়। তাঁদের মিতালি (৪) ও শ্রাবণ (২) নামের দুটি সন্তান রয়েছে।
অনিতার পরিবারের অভিযোগ, অনিতাকে লিটন প্রায়ই নির্যাতন করতেন। রোববারও তাঁকে মারধর করেন লিটন। সকালে প্রতিবেশীরা অনিতার লাশ দেখে পুলিশ ও নকুল চন্দ্রকে জানান। বিকেলে অনিতার লাশ উদ্ধার করে পুলিশ। তবে লিটন ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ওসি আলী আরশাদ জানান, অনিতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।