গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুর ও ভাশুরের বিরুদ্ধে
বরিশালের গৌরনদী উপজেলায় কোহিনুর বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কোহিনুর ওই গ্রামের প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। এই দম্পতির চার বছরের একটি ছেলে রয়েছে। কোহিনুরের বাবার বাড়ি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামে।
ুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আট বছর আগে কোহিনুর ও সোহাগের বিয়ে হয়। দুই বছর আগে বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে দেড় লাখ টাকা নেন সোহাগ। বতর্মানে তিনি ওমানে রয়েছেন। ঈদুল আজহার সময় কোহিনুরের শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। তখন তাঁর বাবা নূরুল ইসলাম কোহিনুরের শ্বশুর এসকেন মেলকাল, ভাশুর আমির মেলকার ও দেবর মিলন মেলকারের কাছে ওই টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেন। তবে এতে তাঁরা রাজি হননি। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
নূরুল ইসলাম বলেন, ‘মেয়ে-জামাতার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিবেশীদের কাছ থেকে দেড় লাখ টাকা ধার করে এনে দিয়েছিলাম। ওই টাকায় প্রায় আরও এক লাখ টাকা সুদ হয়েছে। টাকা চাওয়াই কাল হলো কোহিনুরের। এর জের ধরে ওরা কোহিনুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তারা কোহিনুরকে নির্যাতন করে হত্যা করে। পরে আমাদের আত্মহত্যার খবর দিয়ে মুখে বিষ দিয়ে বাড়ি থেকে তারা পালিয়ে যায়। রাত ১০টার দিকে ওই বাড়িতে গিয়ে কোহিনুরের লাশ দেখতে পাই।’
জানতে গতকাল কমলাপুর গ্রামে কোহিনুরের শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর থেকে কোহিনুরের শ্বশুর এসকেন মেলকাল, ভাশুর আমির মেলকার ও দেবর মিলন মেলকারসহ পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে না।
গৌরনদী থানার এসআই মেহেদী হাসান বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অবস্থায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।