গৃহবধূকে হত্যার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় যৌতুকের জন্য শাহানা বেগম (২২) নামের এক গৃহবধূকে পরিকল্পিত-ভাবে হত্যার অভিযোগ এনে গতকাল শনিবার থানায় একটি মামলা হয়েছে।

নিহত গৃহবধূ শাহানার ছোট ভাই মোহাম্মদ কলিম বাদী হয়ে স্বামী মোহাম্মদ মকছুদসহ আটজনের বিরুদ্ধে এই মামলাটি করেন। তবে ওই গৃহবধূ নিহত হওয়ার পর পাঁচ দিন পার হলেও গতকাল বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম জানান, দেড় বছর আগে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলা দক্ষিণপাড়ার উজির আলীর মেয়ে শাহানা বেগমের সঙ্গে একই ইউনিয়নের সোনাদিয়ার পশ্চিম পাড়ার হোছন আলীর ছেলে মোহাম্মদ মকছুদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী মকছুদ তাঁর স্ত্রীর ওপর নির্যাতনসহ মারধর করে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সামাজিকভাবে সালিসি বৈঠকও হয়। পরে সালিসি বৈঠকের সিদ্ধান্তমতে, দুই মাস আগেও শ্বশুরবাড়ি থেকে যৌতুকের দাবি করা ১৫ হাজার টাকা মকছুদকে দেওয়া হয়। কিন্তু ওই টাকা শেষ না হতেই স্ত্রীর ওপর যৌতুকের জন্য তাঁর স্বামী আবারও নির্যাতন চালায়। শেষ পর্যন্ত যৌতুক না পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে স্বামী মকছুদ পরিকল্পিতভাবে গৃহবধূ শাহানাকে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মোহাম্মদ কলিম জানান, বেশ কয়েকবার মকছুদকে যৌতুকের টাকা দেওয়া হয়। শেষে যৌতুকের দাবি করা শুধু পাঁচ হাজার টাকা না পেয়ে মকছুদ আমার বোনকে হত্যা করে।

তবে মকছুদের পরিবারের দাবি, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ শাহানা আত্মহত্যা করেছে। তাঁকে যৌতুকের জন্য কোনো মারধর করা হয়নি।