গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় লাকী আকতার (২০) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত রোববার রাত ১০টার দিকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহত গৃহবধূর বাবা লেদু মিয়া বাদী হয়ে স্বামী আবদুর রহিম ওরফে ইরানসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শ্বশুর-শাশুড়িকেও আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম সিকদারপাড়ার ফরিদ আহমদের ছেলে আবদুর রহিম ও সদর উপজেলার ভারুয়াখালী মৎস্যচাষি লেদু মিয়ার মেয়ে লাকী আকতার কক্সবাজার নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে ২০১২ সালের ২৫ জুন বিয়ে করেন। একসময় স্বামী রহিম তাঁর বাবা-মায়ের সমঞ্চতি নিয়ে স্ত্রী লাকী আকতারকে নিজেদের ঘরে তোলেন। কিন্তু যৌতুকের জন্য স্বামী, শ্বশুর-শাশুড়ি লাকীর ওপর নির্যাতন চালান।
লেদু মিয়া জানান, ‘যৌতুক না পেয়ে গত ৩১ আগস্ট রাতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে লাকীকে হত্যা করে সাগরে ভাসিয়ে দেন।’