গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা স্বামী কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী জিসান চৌধুরী ওরফে জিকুর (২৬) বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা মুসলিম মিয়া বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার দিন রাতেই জিসান পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।গতকাল বুধবার বিকেলে জিসানকে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম শাহীন আক্তারের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত জিসান স্ত্রী জেসমিন আক্তারকে (২৩) গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই মুঠোফোনে ঘটনা পুলিশকে জানান। এরপর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। থানাহাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও জিসান স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। মঙ্গলবার রাতেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।