গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফরোজা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে ফাঁসির আদেশ দিয়েছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহেনুর রহমান। আজ রোববার দুপুরে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার  হাড়দ্দাহ গ্রামের সোহরাব হোসেন (৪০) ও  সাহেব আলী ওরফে ফটিক (৩৭)।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালে সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের মানিক সরদারের মেয়ে আফরোজা খাতুনের সঙ্গে একই গ্রামের সোহরাব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিলেন তাঁর স্বামী। যৌতুকের টাকা দিতে না পারায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি রাতে আফরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় আফরোজার ভাই মো. নাজিমউদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। মামলায় সোহরাব হোসেন, শাশুড়ি রোকেয়া খাতুন, শ্বশুর মাওলা সরদার, দেবর সাহেব আলী ও চাচা শ্বশুর আলাউদ্দিন সরদারকে আসামি করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক নাজমুন নাহার তদন্ত শেষে ২০০৫ সালের ৮ জুলাই আদালতে ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলার কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনা শেষে  আদালত আজ এ আদেশ দেন।