গৃহবধূকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
যশোরে গৃহবধূকে হত্যার দায়ে নাজমুল হাসান নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
নাজমুলের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ এপ্রিল বড়েঙ্গা গ্রামের রহিমা খাতুনের দুটি ছাগল নাজমুলের বেগুনখেতে ঢোকে। নাজমুলের পরিবারের লোকজন ছাগলটিকে ধরে বাড়িতে আটকে রাখেন। ছাগল দুটি আনতে গেলে রহিমার সঙ্গে নাজমুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুল রহিমাকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় রহিমার স্বামী আজহার উদ্দীন হাওলাদার বাদী হয়ে সাতজনকে আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে অভিযুক্ত করে ও অপর ছয়জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জানতে চাইলে বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, নাজমুল কারাগারে আছেন। অপর ছয়জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।