গৃহবধূকে হত্যার দায়ে যাবজ্জীবন
সুনামগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বিল্লাল হোসেন (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ গতকাল মঙ্গলবার এ রায় দেন। বিল্লাল হোসেনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার পূর্ব খিলাতলী গ্রামে। ১৯৯৮ সালের ৫ জুন ওই হত্যাকাণ্ড ঘটে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিল্লাল হোসেনের সঙ্গে একই গ্রামের গৃহবধূ আমেনা বেগমের অন্যের সঙ্গে সম্পর্ক ছিল। এ ঘটনা জানার পর আমেনার স্বামী তাঁকে মৌখিকভাবে তালাক দেন। ওই দিন আমেনা বেগমের বাড়িতে গেলে তিনি বিল্লালকে তখনই বিয়ে করার জন্য চাপ দেন। এতে ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই আমেনাকে হত্যা করেন বিল্লাল। এর পরদিন আমেনার বাবা তেরাপুর গ্রামের কালা মিয়া বাদী হয়ে বিল্লালকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।