গৃহবধূকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূ খুনের ঘটনায় আলমগীর হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় দিয়েছেন।

নিহত সাজেদা (২৮) কালীগঞ্জ উপজেলার দূর্বাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী নবী হোসেনের স্ত্রী। আলমগীর হোসেন কালীগঞ্জ উপজেলার ছোট দেউলিয়া এলাকার সফুর উদ্দিনের ছেলে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রায়ে মামলার একটি ধারায় আলমগীরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আতাউর রহমান মামলার বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ৫ আগস্ট রাতে সাজেদা তাঁর ছেলে-মেয়েদের নিয়ে টিনের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার সময় সাজেদা ও মেয়ে সাগরিকাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের মেঝেতে সিঁধকাটা ও রক্তাক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পাওয়া যায়। ঘটনার পরদিন সাজেদার আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।