গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরের ফাঁসি
সাতক্ষীরায় এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী ও দেবরকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহেনুর রহমান।
গতকাল রোববার দুপুরে ওই আদেশ দেওয়া হয়। ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের সোহরাব হোসেন ও সাহেব আলী ওরফে ফটিক।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালে সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের মানিক সরদারের মেয়ে আফরোজা খাতুনের সঙ্গে একই গ্রামের সোহবার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আফরোজার কাছে যৌতুক দাবি করে আসছিলেন তাঁর স্বামী। যৌতুকের টাকা দিতে না পারায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি রাতে আফরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়৷ এ ঘটনায় আফরোজার ভাই মো. নাজিমউদ্দিন বাদী হয়ে সোহরাব হোসেন, তাঁর মা রোকেয়া খাতুন, বাবা মাওলা সরদার, ভাই সাহেব আলী ও চাচা আলাউদ্দিন সরদারকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। মামলার রায়ে গতকাল সোহরাব হোসেন ও তাঁর ভাই সাহেব আলীকে ফাঁসির আদেশ এবং অন্যদের বেকসুর খালাস দেন আদালত।