গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মাসুমা বেগম হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের জরিমানাও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী ওই মামলার রায়ে এ আদেশ দেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ রহিম জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নূরে আলম, সোহেল ও সাব মিয়া। তাঁদের মধ্যে সোহেল পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল আড়াইহাজারে গৃহবধূ মাসুমা বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান। সেখানে নূরে আলম, সোহেল ও সাব মিয়া মিলে মাসুমাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মাসুমা চিৎকার দিলে তাঁকে হত্যা করে আসামিরা পালিয়ে যান। পরে নূরে আলম ও সাব মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, এই মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১১ জনের সাক্ষ্য নিয়ে আজ রায় ঘোষণা করেন আদালত।