গৃহবধূকে হত্যার ১২ দিন পর মামলা নিল পুলিশ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউপির চরবগজুড়ি গ্রামের গৃহবধূ মুক্তা খানমকে (২৪) হত্যার অভিযোগে ঘটনার ১২ দিন পর মামলা রেকর্ডভুক্ত করেছে লোহাগড়া থানার পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত রোববার রাতে মুক্তার দেবরের স্ত্রী লিজা বেগমকে গ্রেপ্তার করেছে।গত ২১ মে শ্বশুরবাড়ির পাশে মধুমতি নদীর ঘাটে মুক্তার লাশ পাওয়া যায়। রোববার রাত ১১টার দিকে নিহত ব্যক্তির বোন সালেহা সুলতানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন: মুক্তার স্বামী লাবলু মীর, শ্বশুর লায়েব আলী মীর, শাশুড়ি লাভলী বেগম, দেবর মামুন মীর ও দেবরের স্ত্রী লিজা বেগম।গত ২৩ মে প্রথম আলোয় ‘লোহাগড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ’ শীর্ষক সংবাদ ছাপা হয়। সালেহা সুলতানা তখন অভিযোগ করেছিলেন, ঘটনার পর কয়েকবার থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। রোববার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যার কথা উল্লেখ আছে। তাই হত্যা মামলা নেওয়া হয়েছে। হত্যা কি না, এ নিয়ে সন্দেহ থাকায় এর আগে অপমৃত্যু মামলা নেওয়া হয়েছিল।