গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সীমা খাতুন (২০) নামের এক গৃহবধূকে ঘরে হাত-পা বেঁধে আটকে রেখে নির্যাতন করেছেন শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে।
সীমা খাতুনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী রাজু মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার বছর আগে শাহজাদপুর পৌর এলাকার দ্বাড়িয়াপুর মহল্লার রমজান ব্যাপারীর মেয়ে সীমা খাতুনের সঙ্গে পাশের রামবাড়ি মহল্লার হেলাল মিয়ার ছেলে রাজু মিয়ার (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য সীমাকে চাপ দিচ্ছিলেন। এরই মধ্যে সীমার দুটি মেয়ে হয়। এর পরও রাজু ও তাঁর বাড়ির লোকজন যৌতুকের দাবি করে আসছিলেন।
বৃহস্পতিবার রাজু ও তাঁর পরিবারের লোকজন সীমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেন। এ সময় তাঁর মাথার চুল কেটে হাত-পা বেঁধে তাঁকে ঘরে আটকে রাখা হয়। বিষয়টি জানার পর প্রতিবেশীরা সীমাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সীমার বাবা রমজান আলী বলেন, ‘বিয়ের সময় যৌতুক দেওয়ার পরও মেয়ে ও নাতনিদের কথা ভেবে রাজুকে আরও একটি রিকশা কিনে দিয়েছি। এতেও তার মন ভরে না। আরও যৌতুকের জন্য রাজু তার মা, বাবা ও ভাইবোনদের কথায় প্রায়ই সীমাকে মারধর করত। যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মারধর করে মেরে ফেলার চেষ্টা করেছে।’
রাজু মিয়া বলেন, ‘সীমাকে শাসন করেছি। যৌতুকের কোনো দাবি করা হয়নি।’
শাহজাদপুর থানার (ওসি) হাসান শামীম ইকবাল বলেন, সীমার শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামি রাজু মিয়া, রিপন মিয়া, হূদয় হোসেন, শিরিন বেগম ও রবি সানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে বলে ওসি জানিয়েছেন।