গৃহবধূদের নির্যাতনকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল রংপুরের বদরগঞ্জে সালিসে নির্যাতিত সেই দুই গৃহবধূর বাড়ি পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তিনি ওই নারীদের বাড়ি পৌঁছান। ওই নারীদের সঙ্গে তিনি প্রায় দেড় ঘণ্টা কথা বলেন। ঘটনার ২৩ দিন পরও নির্যাতনকারীরা গ্রেপ্তার না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার, আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবু আহম্মেদ ফয়জুল কবির, নারীনেত্রী লিপি বেগম, হাসনা চৌধুরী, মাসুদা আখতার, ফারজানা সরকারসহ অনেকে। সুলতানা কামাল পরে বদরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।সুলতানা কামালের কাছে নির্যাতিত গৃহবধূরা বিচারের নামে তাঁদের প্রতি অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন। তাঁরা বলেন, সেই দিন চরিত্রহীনা অপবাদ দিয়ে গ্রাম্য সালিসে মাতব্বরদের নির্দেশে তাঁদের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয় এবং লাথি মারা হয়।ওই গৃহবধূরা আরও বলেন, এখন তাঁদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। অন্যথায় মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। মারধর করার পর মাতব্বরেরা বাড়ি থেকে বের হতে এবং চিকিৎসা নিতে নিষেধ করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের একজনের পায়ের হাঁটুতে ঘা হয়েছে, অন্যজনের পা ফুলে গেছে। তাঁরা কেউই ঠিকমতো হাঁটতে পারছেন না। তবে ইউএনওর সহায়তায় তাঁরা গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।নির্যাতিতদের পাশে থেকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে সুলতানা কামাল বলেন, ‘টেলিভিশনে বর্বর নির্যাতনের চিত্র দেখে এবং পত্রিকায় এ ঘটনা পড়ে একজন মা হিসেবে আমি খুবই আঘাত পেয়েছি। অপমানিত হয়েছি। তাই ছুটে এসেছি। ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।’ নির্যাতনের নির্দেশদাতা মাতব্বরেরা ওই ঘটনার ২৩ দিন পরও গ্রেপ্তার না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের ৩০ বছর বয়সের এক ব্যক্তি গত ২৪ জুন বিষপানে আত্মহত্যা করেন। এ জন্য তাঁর স্ত্রী ও এক প্রতিবেশীর স্ত্রীকে দায়ী করে এবং চরিত্রহীনা অপবাদ দিয়ে স্থানীয় মাতব্বরেরা ২৬ জুন সালিসে শত শত মানুষের সামনে তাঁদের নির্দয়ভাবে লাঠিপেটা ও লাথি মেরে আহত করা হয়। ঘটনার ২৩ দিন অতিবাহিত হওয়ার পরও মাতব্বর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আয়নাল হক, বিএনপি নেতা আবদুল কাদের, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, ইউপি সদস্য ইলিয়াছ আলী, আবদুল আউয়াল ও শিক্ষক সেকেন্দার আলীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।