গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার ভূঁইয়াপাড়ায় মাকসুদা বেগম (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁর স্বামী জাহিদ হোসেন তাঁকে হত্যা করেছেন।
গত বুধবার রাতে ভূঁইয়াপাড়ার ২০৫ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাত পৌনে তিনটার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
হাসপাতালে মৃত মাকসুদার ভাই মো. মাসুম অভিযোগ করেন, টাকার জন্য মাকসুদাকে প্রায়ই তাঁর স্বামী নির্যাতন করতেন। মাকসুদার মা মর্জিনা বেগম দুবাইপ্রবাসী। এ পর্যন্ত তাঁর মা জাহিদকে চার থেকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। আরও টাকার জন্য জাহিদ তাঁর বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
ঘটনার পর থেকে জাহিদ পলাতক রয়েছেন। টঙ্গিতে জাহিদের একটি পাঞ্জাবির দোকান রয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন হওলাদার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে তিনি জানান।