গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী পলাতক
বরগুনার বেতাগী উপজেলায় পাখি রানী (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ছোট ছোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পাখির স্বামী যাদব চন্দ্র দাস পলাতক রয়েছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক সোহরাফ হোসেন জানান, পাখি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পাখি রানীর শ্বশুর জিতেন চন্দ্র দাস দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে শোনেন পাখি ঘরের পেছনের বারান্দায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গিয়ে রশি খুলে তাঁকে নামান এবং দেখেন তিনি মারা গেছেন।
গতকাল দুপুরে পাখির ভাই সঞ্জীব চন্দ্র শীল বলেন, ‘রোববার বিকেল পাঁচটার দিকে যাদব আমাকে ফোন করে বলেন, আপনার বোন অজ্ঞান হয়ে গেছে, আপনারা আমাদের বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে দেখি পাখির মৃতদেহ ঘরের মেঝেতে শোয়ানো। আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেনি, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
পারিবারিক সূত্র জানায়, ২০১১ সালের প্রথম দিকে বরগুনার বেতাগী উপজেলার ছোট ছোপখালী গ্রামের যাদব দাসের সঙ্গে সদর উপজেলার পূর্ব বুড়রচর গ্রামের দুলাল চন্দ্র শীলের মেয়ে পাখি রানীর বিয়ে হয়। বিয়ের সময় প্রায় ৫০ হাজার টাকার যৌতুক দেওয়া হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই যাদব ও তাঁর পরিবারের লোকজন ৫০ হাজার টাকা ও একটি রঙিন টেলিভিশন দাবি করতে থাকেন। পাখি এতে অস্বীকৃতি জানালে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এক বছর আগে পাখির বাবা ১০ হাজার টাকা ঋণ নিয়ে জামাইকে দেন। এর পরও নির্যাতন অব্যাহত থাকে। গত ২৪ আগস্ট স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন ও ২৬ আগস্ট জাতীয় মহিলা আইনজীবী সমিতির বরগুনা কার্যালয়ে অভিযোগ দেন।
জেলা মহিলা আইনজীবী সমিতির আইন সহায়তা কর্মকর্তা ইফতেকার আজাদ জানান, অভিযোগের পর যাদবকে দুই দফা নোটিশ দেওয়া হয়। এরপর তিনি এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মৌখিক আশ্বাস দিয়ে তিনি পাখি রানীকে তাঁর বাড়িতে নিয়ে যান।