গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গত রোববার ইয়াছমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ইয়াছমিন আত্মহত্যা করেন বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে হরিরামপুর উপজেলার বিজয়নগর গ্রামের মোকসেদ আলীর ছেলে সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন ইয়াছমিন। কিন্তু পারিবারিক কলহের কারণে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ইয়াছমিনকে নির্যাতন শুরু করেন সিদ্দিক। প্রথম দিকে এ বিয়ে ইয়াছমিনের পরিবার মেনে না নিলেও গত পাঁচ-ছয় মাস আগে ইয়াছমিনের বাবা আফজাল হোসেন সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে ইয়াছমিন বাবার বাড়িতে যাতায়াত করেন। সিদ্দিকও শ্বশুরবাড়িতে যেতেন। এরপর মেয়ে ও জামাতাকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা দেন ইয়াছমিনের বাবা-মা। গত শনিবার স্বামীকে নিয়ে ইয়াছমিন ঘিওর উপজেলার উভাজানী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে ইয়াছমিনের সঙ্গে সিদ্দিকের ঝগড়া হয়। এরপর সিদ্দিক শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। বিকেলে একটি ঘরে ইয়াছমিনের স্বজনেরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ইয়াছমিনের বাবা আফজাল হোসেন দাবি করেন, বিয়ের পর থেকেই সিদ্দিক তাঁর মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। সম্প্রতি টাকাপয়সার দাবিতে তাঁর মেয়ের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এ কারণে তাঁর মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।