গৃহবধূর আত্মহত্যা পরে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধলপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে হাসিনা বেগম (৩২) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। পরে তাঁর স্বামী কৃষক খোরশেদ আলমও (৪০) একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন।সিঙ্গাইর থানার পুলিশ ও খোরশেদের পরিবার জানায়, প্রায় ১৩ বছর আগে খোরশেদের সঙ্গে সিঙ্গাইরের বলধারা গ্রামের হাসিনার বিয়ে হয়। তাঁদের ১০ বছরের এক মেয়ে রয়েছে। সংসারে অভাবসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসিনা ঘরে রাখা কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান খোরশেদের আত্মীয়স্বজন। অবস্থার অবনতি ঘটলে সাভারের একটি হাসপাতালে নেওয়ার পথে রাত একটার দিকে হাসিনার মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে ধলপাড়া গ্রামের বাড়িতে হাসিনার মৃতদেহ আনা হয়।খোরশেদের স্বজনেরা জানান, হাসিনার মৃতদেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন খোরশেদ। রাত তিনটার দিকে তিনিও কীটনাশক পান করেন। এরপর খোরশেদকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।খোরশেদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার উপপরিদর্শক নির্মল চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, হাসিনার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।