গৃহবধূর আত্মহত্যা মামলা দায়ের স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত মঙ্গলবার রাতে রুজিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রুজিনার মা রহিমা খাতুন বাদী হয়ে নিহত ব্যক্তির স্বামী সোহাগ মিয়া (৩৫) ও তাঁর মা-বাবাকে আসামি করে গতকাল বুধবার বিকেলে কসবা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। রহিমা খাতুন জানান, ১১ বছর আগে তাঁর স্বামী মারা যান। বহু কষ্ট করে যৌতুক দিয়েই মেয়েকে বিয়ে দিয়েছেন। আরও যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মেয়েকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। নির্যাতন সইতে না পেরে শেষ পর্যন্ত মেয়ে বিষপান করে আত্মহত্যা করে। মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের সোহাগ মিয়ার (৩৫) সঙ্গে ১০ বছর আগে একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের মৃত আবদুল মোতালেবের মেয়ে রুজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাবের সঙ্গে নগদ টাকাও দেওয়া হয়। বিয়ের পর তাঁদের দুটি সন্তান হয়। সোহাগ ও তাঁর পরিবারের লোকজন আরও যৌতুক এনে দেওয়ার জন্য রুজিনা আক্তারের ওপর নির্যাতন শুরু করেন। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য জিতু মিয়া বলেন, যৌতুকের টাকার বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু আর্থিক অনটনের কারণে যৌতুক দিতে না পারায় রুজিনা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও সোহাগ মিয়া ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।