গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার তেঁতুলিয়া গ্রামে ওই নির্যাতনের ঘটনায় গতকাল রোববার এ দুজনকে গ্রেপ্তার করা হয়।নির্যাতিত গৃহবধূ ও পুলিশ জানায়, কয়েক মাস আগে তেঁতুলিয়া গ্রামের সাহেদ আলীর ছেলে হুমায়ুন কবিরের সঙ্গে পাশের সাগুলি গ্রামের হাদিছ মিয়ার মেয়ে কলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটরসাইকেলসহ যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কলিকে নির্যাতন শুরু করে।গৃহবধূ কলি আক্তার অভিযোগ করেন, ‘টেহা ও মোডর সাইকেলের লাইগ্যা বিয়ার পর থাইক্যাই আমারে মারতাছে। রাইতে বাঁশের লাডি দিয়া আমারে হাপটার (সাপ) মতো মারছে। বাঁচনের লাইগ্যা স্বামীর পায়ে ধরছি। কিন্তু হুনে নাই।’দেবর রফিকুল ইসলাম বলেন, ‘আমি বরং তাঁকে (কলি) পুকুরে ঝাঁপ দেওনের সময় বাঁচাইছি।’কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বলেন, নির্যাতিত গৃহবধূর স্বামী, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। নির্যাতনের আলামত পাওয়া গেছে। গৃহবধূর স্বামী ও অপর আসামি পলাতক।