গৃহবধূর গর্ভপাত ঘটানোর ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দোপুকুরিয়া গ্রামে বেআইনি সালিসের রায়ে গর্ভবতী গৃহবধূকে নির্যাতন করে গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ সোমবার এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে এ ঘটনায় জড়িত লোকজনকে দ্রুত গ্রেপ্তার, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার শিকার গৃহবধূর সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার শিকার আম্বিয়া খাতুনের সঙ্গে দুই বছর আগে একই এলাকার বাবু মিয়ার বিয়ে হয়। অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এ ধরনের পরিস্থিতিতে আম্বিয়া খাতুন সন্তানসম্ভবা হলে শাশুড়ি-ননদরা তাঁর পেটে অবৈধ সন্তান বলে সন্দেহ করতে শুরু করেন। এরই জের ধরে ১৩ নভেম্বর পরকীয়ার অপবাদে গৃহবধূর শাশুড়ি এলাকায় সালিস বসান। গ্রামের মাতবর আবদুল জলিল, আফসার আলীসহ আরও অনেকে সালিসের রায়ে গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করার কথা বলেন। তখন শাশুড়ি ও ননদ গৃহবধূর পেটে কিল-ঘুষি মারেন। এতে গৃহবধূ জ্ঞান হারান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত সন্তানের জন্ম দেন। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে এবং পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
মহিলা পরিষদ বিবৃতিতে বেআইনি ফতোয়ার মাধ্যমে বিচারবহির্ভূত শাস্তি বন্ধে সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং দেশব্যাপী বেআইনি ফতোয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।