গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় জুয়া খেলার টাকা না দেওয়ায় এক স্বামী তাঁর স্ত্রীর শরীর আগুন দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার সারাই ইউনিয়নের কাচু গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিকশাচালক আজিজুল হক তার স্ত্রী সান্তনা খাতুনের (২৬) কাছে জুয়া খেলার টাকা চান। স্ত্রী অস্বীকৃতি জানালে তিনি প্রথমে তাঁকে মারপিট করেন। পরে ঘর থেকে কেরোসিন নিয়ে এসে শরীরে ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই সান্তনার শরীর ঝলসে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে ভর্তি করায়। এ ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছেন। 

হাসপাতালে থাকা সান্তনার চেতনা ফিরেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।

সান্তনার পাশে থাকা তাঁর বাবা ছবেদ আলী বলেন, ‘আমার মেয়ের অবস্থা ভালো নয়। তাঁর দুটি শিশু সন্তান আছে। এ অবস্থায় আমি কী করব ভাবতে পারছি না।’

ঘটনাস্থল সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি।

রংপুর মেডিকেল কলেজের পরিচালক রিয়াজুল করিম বলেন, অগ্নিদগ্ধ সান্তনার অবস্থা ভালো নয়। তাঁর চিকিত্সা চলছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, এ ঘটনায় ওই স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পলাতক আছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান তিনি।