গৃহবধূর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্বামী
যৌতুক না দেওয়ায় ফুটন্ত পানি ঢেলে শিখা খন্দকার (৩০) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। গত মঙ্গলবার রাজধানীর উত্তরখান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।হাসপাতালে গৃহবধূর স্বজনেরা জানান, শিখা খন্দকার স্বামী-সন্তান নিয়ে রাজধানীর উত্তরখান এলাকার ময়নারটেকে থাকেন। তাঁর স্বামী স্বপন শেখ বাঁশ দিয়ে বেড়া বানিয়ে বিক্রি করেন। মঙ্গলবার সকালে যৌতুকের টাকার জন্য শিখার সঙ্গে স্বপনের ঝগড়া হয়। একপর্যায়ে স্বপন চুলা থেকে পাতিল তুলে ফুটন্ত পানি শিখার শরীরে ঢেলে দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। শিখাকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে টাঙ্গাইলের মির্জাপুর থেকে শিখার বাবা নজরুল ইসলাম ছুটে আসেন। তিনি শিখাকে টাঙ্গাইলে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করেন। এই হাসপাতাল থেকে গতকাল বিকেলে শিখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জল হোসেন জানান, শিখার শরীরের ২০ ভাগ ঝলসে গেছে। তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।টাঙ্গাইল সদর হাসপাতালে শিখা খন্দকার প্রথম আলোকে জানান, প্রায় ১৫ বছর আগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বপন মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নির্যাতন করে তাঁর বাবার কাছ থেকে স্বপন যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা নেন। সম্প্রতি ১০ হাজার টাকা যৌতুকের জন্য স্বপন তাঁর ওপর নির্যাতন বাড়িয়ে দেন।গতকাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শিখার বাবা নজরুল ইসলাম বলেন, গত ১২-১৩ বছরে তিনি স্বপনকে এক লাখ টাকা যৌতুক দিয়েছেন।শিখার ছেলে আকাশ জানায়, তাদের সামনে দরজা বন্ধ করে তার মাকে মারধর করেন তার বাবা। মারধর না করতে আকুতি জানালে তিন ভাই-বোনকে মেরে ফেলার হুমকি দেন বাবা।উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, স্বপন শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্বপন পলাতক।