গৃহবধূর চুল কর্তনের ঘটনায় দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে সেই গৃহবধূর চুল কর্তন ও ধর্ষণ-চেষ্টার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল রোববার গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দুটি করেন।
ধর্ষণ-চেষ্টা মামলায় ইকরচালী ইউনিয়নের কাচনা গ্রামের শামসুল হককে (২৮) আসামি করা হয়েছে। আর চুল কাটার মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের নিলয় রায়কে (২০)।
জানা গেছে, গত শুক্রবার রাতে অভিযুক্ত শামসুল হক ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শামসুলকে আটক করেন। পরে ওই গৃহবধূকে ‘নষ্টা’ অপবাদ দিয়ে নিলয় রায় তাঁর মাথার চুল কেটে দেন।
এ ঘটনায় প্রথম আলোয় ‘নষ্টা অপবাদে গৃহবধূর মাথার চুল কর্তন’ শিরোনামে গতকাল রোববার একটি সংবাদ প্রকাশিত হয়।
তারাগঞ্জ থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, ধর্ষণের চেষ্টায় আটক শামসুল হককে গতকাল রোববার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।