গৃহবধূর চুল কেটে দিলেন ননদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর শহরের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে (৩৫) শাশুড়ি ও চার ননদ মিলে নির্যাতন করার পর হাঁসুয়া দিয়ে মাথার চুল কেটে দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন শাশুড়ি ফিরোজা বেগম। গৃহবধূকে সন্ধ্যায় বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ প্রথম আলোকে জানান, বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে তাঁর ছেলে মাহফুজ শাহরিয়ারকে (১৬) তাঁর শ্বশুর মফিজ উদ্দিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। যৌথ পরিবার হওয়ায় শ্বশুরের অনুমতি ছাড়া কেউ মাছ ধরতে পারেন না। মাহফুজ বিষয়টি বুঝতে পারেনি। এ সময় তিনি ছেলের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলে তাঁর শাশুড়ি ও চার ননদের সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ননদেরা তাঁকে মারতে থাকেন এবং হাঁসুয়া দিয়ে তাঁর চুল কেটে দেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ওই গৃহবধূর স্বামী মোকাদ্দেছ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময় তিনি শহরে ছিলেন। ছেলের কাছ থেকে মুঠোফোনে ঘটনা শুনে বাসায় এসে স্ত্রীকে উদ্ধার করেন। স্ত্রী সুস্থ হলে এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে কথা বলতে গেলে শাশুড়ি ফিরোজা বেগম প্রথম আলোকে জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলের বউ তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে থাকেন। মেয়েরা বিষয়টি সহ্য করতে না পেরে তাঁর চুল কেটে দেন।