গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাশেদা আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।যৌতুক না পেয়ে স্বামী তাঁর ওপর নির্যাতন চালাতেন। নির্যাতন সইতে না পেরে রাশেদা আত্মহত্যা করেছেন বলে তাঁর চিরকুটে উল্লেখ করা হয়েছে।রাশেদার পরিবার সূত্র জানায়, ঘিওরের তরা গ্রামের হাবিল উদ্দিনের বড় মেয়ে রাশেদার সঙ্গে ছয় মাস আগে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চরগড়পাড়া গ্রামে সাদেক আলীর বিয়ে হয়। ঘিওরের বিল্লালাই বাজারে সাদেকের একটি ওষুধের দোকান রয়েছে।রাশেদার স্বজনেরা বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে সাদেককে পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা দেন রাশেদার বাবা। এর পরও যৌতুক চেয়ে না পেয়ে রাশেদাকে মারধর করতেন সাদেক। গত ২৮ ফেব্রুয়ারি রাশেদাকে মারধর করে তাঁর চাচা লেহাজ উদ্দিনের বাড়িতে রেখে যান তিনি। সেখান থেকে রাশেদাকে বাবার বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। এর পর থেকে রাশেদা বাবার বাড়িতেই ছিলেন। গতকাল সকাল নয়টার দিকে বাবার বাড়ির একটি ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।খবর পেয়ে পুলিশ বেলা দুইটার দিকে রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সাদেক আলীর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, রাশেদা তাঁর চিরকুটে লিখেছেন, যৌতুকের জন্য স্বামী সাদেক বিভিন্ন সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে তিনি আত্মহত্যা করছেন। এ ব্যাপারে ঘিওর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।