গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গৃহবধূর নাম আমিনা বেগম (২৮)। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা মকবুল আহমদের মেয়ে তিনি। তাঁর বিয়ে হয় হাজমপাড়ার বাসিন্দা নবী হোসেনের ছেলে মাহমুদুল্লাহর সঙ্গে। এই দম্পতির দুই মাস বয়সী এক কন্যাশিশু ও চার বছর বয়সী এক ছেলে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে হাজমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। শনিবার রাতে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল্লাহ লোকজনের মাধ্যমে গৃহবধূর ঝুলন্ত লাশের বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় তাঁর স্বামী মাহমুদুল্লাহ বাড়িতে ছিলেন না।
বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল্লাহ বলেন, বিয়ের পর থেকে তাঁরা দুজন হাজমপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। শনিবার রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশকে খবর দেন। স্বামী-স্ত্রীর কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর আগে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।