গৃহবধূর টাকা ছিনতাই করল পুলিশ পরে ফেরত
নারায়ণগঞ্জের ফতুল্লার মুন্সিখোলা তল্লাশি চৌকিতে গতকাল রোববার অটোরিকশার যাত্রী এক গৃহবধূর কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় পুলিশ। পরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনের চাপের মুখে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম টাকা ফেরত দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আবদুল মতিন বলেন, এএসআই কামরুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। ছিনতাইয়ের শিকার গৃহবধূ রোমানা ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল দুপুরে তিনি এক ভাগনেকে নিয়ে অটোরিকশায় করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছিলেন। পথে মুন্সিখোলা তল্লাশি চৌকিতে এএসআই কামরুল তাঁদের অটোরিকশা থামিয়ে তল্লাশি করেন। একপর্যায়ে কামরুল তাঁর হাতব্যাগে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন। তিনি প্রতিবাদ করলে কামরুল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যেতে বলেন। পরে গৃহবধূ রোমানা ফতুল্লা মডেল থানায় গিয়ে ঘটনাটি ওসি আবদুল মতিনকে জানান। ওসি সবকিছু শুনে এএসআই কামরুলকে থানায় ডেকে পাঠান। ওসির চাপে রোমানার তিন হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন কামরুল।যোগাযোগ করলে এএসআই কামরুল বলেন, ‘আমার সঙ্গে পুলিশ লাইনের চার কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। ছিনতাইয়ের ঘটনাটি তারাই ঘটিয়েছে। ওসি ঘটনা জানার পর ওই কনস্টেবলদের কাছ থেকে টাকা আদায় করে গৃহবধূকে ফেরত দেওয়া হয়েছে।’