গৃহবধূর নিরাপত্তায় পাহারা বসিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকির পর মিরপুরের গৃহবধূ মাকসুদার নিরাপত্তায় বাসার সামনে পাহারা বসিয়েছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, মিরপুর বিভাগের উপকমিশনার মঙ্গলবার রাতেই ওই বাসার সামনে সাদা পোশাকে পুলিশের পাহারা বসানোর আদেশ দেন। এর পর থেকে সেখানে পাহারা বসানো হয়। সাদা পোশাকধারী পুলিশ সেখানে নজরদারি করছে।ওসি দাবি করেন, ঘটনাটি যাচাইয়ের জন্য পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীর মুঠোফোনে কথা বলেছিলেন। কৌশলগত দিক থেকে এটা ভুলও হতে পারে।গত মঙ্গলবার সন্ধ্যার পর মিরপুর ২ নম্বর সেকশনে চাঁদাবাজদের বিরুদ্ধে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গৃহবধূ মাকসুদা বেগম। তিনি জিডি করে বের হওয়ার আগেই থানার কর্তব্যরত এএসআই আবুল হোসেন এ তথ্যটি সন্ত্রাসীকে জানিয়ে দেন। এরপর এক সন্ত্রাসী গৃহবধূর ফোনে হুমকি দিয়ে বলেন, ‘থানায় জিডি করেছেন, আপনার ছেলের স্কুলে আর যাওয়া হবে না। কাফনের কাপড় প্রস্তুত রাইখেন।’ এ নিয়ে গতকাল প্রথম আলোতে খবর প্রকাশিত হয়।