গৃহবধূর পর এবার যুবকের আত্মহত্যা
গ্রামবাসীর ‘অপবাদ’ সইতে না পেরে ঢাকার নবাবগঞ্জের ভাঙাভিটা গ্রামে ইতি মণ্ডল নামের এক গৃহবধূর আত্মহত্যার পর ওই ঘটনায় এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ইতির (২০) ঘরে একই গ্রামের যুবক রিপন মণ্ডল (২৫) প্রবেশ করেন। পরে গ্রামের একদল বাসিন্দা ওই যুবককে ঘর থেকে বের করে আনে। ইতির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গ্রামবাসী রিপনকে পিটুনি দেয়। এ ঘটনার পর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইতি। এরপর বুধবার রাতে রিপন বিষপান করেন। পরে স্বজনেরা তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার সকালে রিপন মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।রিপনের বাবা গকুল মণ্ডল বলেন, এলাকার কিছু লোকের চক্রান্তের কারণে তাঁর ছেলে লোকলজ্জায় বিষপান করেছেন।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।