গৃহবধূর পিঠ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার ভেলুমিয়া চরচন্দ্রপ্রাসাদ গ্রামে বিয়েবাড়িতে দাহ্য পদার্থ ছুড়ে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়া হয়েছে।ওই গৃহবধূর নাম লিমা বেগম (২৫)। তিনি এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল বাশার বলেন, সন্ত্রাসীরা রঙের সঙ্গে অ্যাসিড-জাতীয় দাহ্য পদার্থ মিশিয়ে নিক্ষেপ করায় গৃহবধূর পিঠ ঝলসে গেছে। ওই গৃহবধূর দেবর শাহিন হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেলুমিয়া চরচন্দ্রপ্রসাদ গ্রামের আনিস চৌকিদারের মেয়ে রহিমা আক্তারের সঙ্গে একই উপজেলার বাপ্তা ইউনিয়নের বোর্ডের ঘর এলাকার আবদুস শহীদ বেপারির ছেলে রাসেলের বিয়ে হয় গত সোমবার। কনের বাড়িতে বরপক্ষের একজনের এক জোড়া জুতা চুরি নিয়ে কথা-কাটাকাটি হয়। বৃহস্পতিবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে বেড়াতে এলে বরপক্ষ কনেপক্ষের তিন জোড়া জুতা চুরি করে।এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বরের ভগ্নিপতি মো. সুমন কনের বড় ভাবি লিমা বেগমকে লক্ষ্য করে রং ছুড়ে পালিয়ে যান। রঙের মধ্যে দাহ্য পদার্থ থাকায় লিমা বেগমের পিঠ ঝলসে যায়।