গৃহবধূর পোড়া লাশ উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজারহাটি গ্রামের বাড়ি থেকে গত বৃহস্পতিবার বুলু রানী সাহা (৩৫) নামের এক গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় বুলুর মা অঞ্জলী রানী সাহা গতকাল শুক্রবার বাজিতপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় বুলুর দেবর সুবোধ সাহা, তাঁর স্ত্রী, ভাগনে তাপস সাহা, উত্তম কুমার সাহা ও উত্তমের স্ত্রীকে আসামি করা হয়েছে।বাজারহাটি গ্রামবাসী সূত্র জানায়, বুলুর স্বামী রতন সাহা দুই বছর আগে মারা যান। অর্থাভাবে তিন সন্তানের সবাইকে বুলু বাবার বাড়ি পাঠিয়ে দেন। তিনি স্বামীর বাড়িতে একাই থাকতেন। কিন্তু সম্পত্তি নিয়ে দেবর সুবোধ সাহার সঙ্গে তাঁর বিরোধ ছিল।সুবোধ সাহার পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ধোঁয়া দেখে তাঁরা বুলুর ঘরে যান। দেখেন, বুলুর শরীরে আগুন জ্বলছে। পানি দিয়ে আগুন নেভানোর পর দেখা যায়, বুলু আর বেঁচে নেই। পরদিন সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বুলুর বড় সন্তান দশম শ্রেণীতে পড়ুয়া পূজা রানী সাহা (১৫) অভিযোগ করে, কাকা সুবোধ সাহা ও তাঁর স্ত্রী তাদের সহ্য করতে পারতেন না। অন্যরাও কাকার পক্ষ নিতেন। মূলত বাড়ি থেকে উচ্ছেদের জন্য নানা অপচেষ্টা করেছেন। পূজা প্রশ্ন রেখে বলেন, ‘আগুনে ঘর পুড়ল না, শুধু মায়ের শরীর পুড়ল কেন এবং ঘরের দরজাই বা খোলা ছিল কেন।’অভিযোগ অস্বীকার করে সুবোধ সাহা বলেন, ‘ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুমিয়েছি।’বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আগুনে পুড়ে বুলু রানীর মৃত্যু রহস্যজনক। এ কারণে হত্যার অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।