গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলায় যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন জেসমিন খাতুন (২৬) নামের এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছেঁকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের আঁয়াপুর (জংলীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে জেসমিন বাদী হয়ে তাঁর স্বামী, শাশুড়ি ও স্বামীর ভাইয়ের স্ত্রীকে আসামি করে মান্দা থানায় মামলা করেছেন। পুলিশ জেসমিনের স্বামী রুবেলকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বেলা একটার দিকে জেসমিনের মাথার চুল কেটে দেওয়ার নির্দেশ দেন রুবেল। তখন শাশুড়ি রাহেলা ও রুবেলের ভাইয়ের স্ত্রী বেবী জেসমিনের মাথা ন্যাড়া করে দেন। এ সময় জেসমিনের শরীরের বিভিন্ন অংশে সিগারেটের আগুনের ছেঁকা দেন রুবেল। একপর্যায়ে জেসমিনের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন।