গৃহবধূর মুখে বিষ, হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে পীরেরবাগে গৃহবধূ সুমি আক্তারকে তাঁর স্বামী বিষ খাইয়ে হাসপাতালে রেখে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে পুলিশ দক্ষিণখান এলাকায় একটি পোশাক কারখানার পেছন থেকে নিলুফা বেগমের (২২) লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে।সুমির মৃত্যুর ব্যাপারে হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যার পর পীরেরবাগের ভাড়া বাসা থেকে সজীব তাঁর স্ত্রী সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমি বিষ খেয়েছে বলে তিনি জানান। কিছুক্ষণ পর হাসপাতালে সুমি মারা যান। এরপর তাঁর স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। সুমির বোন হাসিনা বেগম অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফোন করে জানানো হয়, সুমি বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হাসপাতালে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি অভিযোগ করেন, সজীব তাঁর বোনকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছেন। হাসপাতালের নিবন্ধন খাতায় বাহক হিসেবে সজীবের নাম আছে।হাসিনা জানান, দেড় বছর আগে সুমি তাঁর মিরপুরের বাসায় থাকতেন। ওই সময় তাঁর সঙ্গে সজীবের প্রেম হয়। এরপর তাঁরা পালিয়ে বিয়ে করেন। প্রায় দেড় বছর আগে সুমি তাঁর স্বামীর বাসা ছেড়ে তাঁর বাসায় আসেন। গত বছরের ১২ জুলাই সুমি নির্যাতনের অভিযোগ এনে সজীবের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। আর নির্যাতন করা হবে না বলে সজীব পরে তাঁকে গ্রামের বাড়ি চাঁদপুরের মদনা গ্রামে নিয়ে যান। কয়েক মাস আগে তাঁরা পীরেরবাগে ভাড়া বাসায় ওঠেন। দুদিন আগে সজীব তাঁর মাকে ফোন করে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তা না হলে সুমিকে হত্যার হুমকি দেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বছরখানেক আগে সুমি থানায় জিডি করেছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সজীবের নির্যাতন সইতে না পেরে সুমি বিষ খেয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।এদিকে পুলিশ গতকাল সকালে দক্ষিণখান থানার চালাবন মশাইর এলাকার একটি পোশাক কারখানার পেছন থেকে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূ নিলুফার লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিলুফার স্বামী শিবলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দক্ষিণখান থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশীদ জানান, নিলুফাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। গৃহকর্মীর ঝুলন্ত লাশ: গতকাল সকালে পুলিশ উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসার কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহকর্মী রোকসানা আক্তারের (২১) লাশ উদ্ধার করে। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ ছিল। উত্তরা থানার ওসি নাজমুল ইসলাম জানান, লাকি বিমানবাহিনীর সাবেক কমোডর সিদ্দিকুর রহমানের গৃহকর্মী। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।