গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে মুন্নি (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি পালিয়ে গেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মৃতদেহটি বাড়ির উঠানে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। মৃতের গলায় কালো দাগ রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামের হানিফ মণ্ডলের ছেলে সুমন মণ্ডলের (২৮) সঙ্গে পৌরসভার পরীক্ষিতপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে মুন্নির বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাঁদের ঘরে সাইমন নামে একটি ছেলেসন্তানের জন্ম হয়। ছেলের জন্মের কিছু দিনের মধ্যে মুন্নির স্বামী সুমন বিদেশে চলে যান।
মুন্নির বাবা আবদুর রহমান জানান, স্বামী বিদেশে চলে যাওয়ার পর থেকেই শ্বশুর হানিফ মণ্ডল, শাশুড়ি রাহেলা বেগম ও চাচাশ্বশুর কানাই মণ্ডল বিভিন্ন সময় মুন্নিকে যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করতেন।
এর একপর্যায়ে গত শনিবার রাতে মুন্নির ওপর আবার নির্যাতন করলে মুন্নি বাবার বাড়িতে ফোন করেন। গতকাল মুন্নির বাবা আবদুর রহমান মেয়েকে আনার জন্য ওই বাড়িতে গেলে তিনি মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।