চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া হাতিয়ারকুল এলাকার আবুল কাশেমের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নিজ বসতঘরে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ঘুম থেকে উঠে মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য ঘরের বৈদ্যুতিক সুইস বোর্ডে যান হাসিনা বেগম। বৃষ্টির পানিতে ভিজে সুইসবোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। বিদ্যুতায়িত থাকার এ বিষয়টি না জেনেই মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান গৃহবধূ হাসিনা। তিনি এক মেয়ে ও এক ছেলেসন্তানের মা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমানুল আলম চৌধুরী বলেন, সুইস বোর্ডে বিদ্যুতায়িতের বিষয়টি না জেনেই মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ হাসিনা বেগম মারা গেছেন।