গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কালিকাডোবা এলাকায় গতকাল মঙ্গলবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। পিয়ারা উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পিয়ারা তাঁর ছোট ভাই ফজলুল হকের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে কালিকাডোবা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় পিয়ারা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কের পাশে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ নিয়ে থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি|