গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে পলি খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। অস্ত্রের মুখে স্বামীসহ ওই গৃহবধূকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়া এবং ফিরে আসার পর আত্মহত্যার ঘটনাকে রহস্যজনক বলে অনেকে মন্তব্য করেছেন। স্ত্রীর মৃত্যুর পর স্বামীর আত্মগোপনে অনেকে তাঁকে সন্দেহ করছেন।

এদিকে আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রামের বাদল মোল্লা তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় পলি খাতুনের স্বামী এনামুল হকসহ ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর গ্রামে দাফন করা হয়েছে।

পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের মেছের আলীর সাবেক স্ত্রী গৃহবধূ পলি খাতুন চার মাস আগে একই গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক এনামুল হকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর দুজন ওই গ্রামের আবদুস সামাদের বাড়িতে গিয়ে ওঠেন।

কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেন, এনামুল কয়েক দিন আগে পলি খাতুনকে তাঁর আগের স্বামীর কাছে ফিরে যেতে বললে অপারগতা প্রকাশ করেন। এরপর তাঁর ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত আবদুস সামাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা আবদুস সামাদের মেয়ে সাগরী খাতুনের কাছ থেকে কানের দুল ও একটি মুঠোফোন কেড়ে নেয়। এরপর এনামুল ও পলি খাতুনকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ভোর পাঁচটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেশী রূপসী বেগম বলেন, বৃহস্পতিবার সকালে পলি খাতুন তাঁর বাড়িতে যান এবং রাতের ঘটনা খুলে বলেন। রূপসী বেগমের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা নির্জন মাঠে নিয়ে তাঁর সামনেই স্বামীকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিলে পলি দুর্বৃত্তদের পা ধরে কাকুতি-মিনতি করেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে (পলিকে) হুঁশিয়ারি দিয়ে বলে, ‘এক শর্তে ছেড়ে দিতে পারি, তা হলো এনামুলকে ছেড়ে আগের স্বামীর কাছে যেতে হবে।’ আট বছর সংসার ছেড়ে আসা পুরোনো স্বামীর কাছে ফিরে যাওয়ার হুমকি দেওয়ায় মানসিকভাবে অস্থির হয়ে পড়েন পলি। এর কিছুক্ষণ পর বিষ পান করেন।

বিষপানের পর তাঁকে আসমানখালী বাজারে গ্রাম্য চিকিৎসক আবদুল হান্নানের কাছে নেওয়া হলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর এনামুলের পরিবারের লোকজন প্রচার করতে থাকে, দুর্বৃত্তরা পলি খাতুনকে ধর্ষণ করায় লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন। এরপর তারা তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করার বিষয়টি জানতে পেরে পুলিশ লাশটি উদ্ধার করে।