গৃহবধূর মৃত্যু, মিরপুরে এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের শাহ আলীবাগের একটি বাসা থেকে তানজুরা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে তানজুরার মৃত্যুকে হত্যা দাবি করে তাঁর স্বামী সোহেলকে গ্রেপ্তারের দাবিতে মিরপুর বেড়িবাঁধের কাছের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মিরপুর থানার পুলিশ বলেছে, আট মাস আগে তানজুরার মাইক্রোবাসের চালক সোহেলের সঙ্গে বিয়ে হয়। এরপর সোহেল তানজুরাকে নিয়ে শাহ আলীবাগে থাকতেন। তানজুরার সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়ি থাকতেন। গত সোমবার পুলিশ শাহ আলীবাগের বাসার খাটের ওপর থেকে তানজুরার লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, তানজুরার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তানজুরা আত্মহত্যা করেছেন।
তানজুরার স্বজনেরা থাকেন মিরপুর বেড়িবাঁধের কাছে। গতকাল তানজুরার স্বজন ও এলাকাবাসী তানজুরাকে হত্যা করা হয়েছে দাবি করে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ির গ্রেপ্তারের দাবিতে মিরপুর বেড়িবাঁধের কাছের সড়ক অবরোধ করে মিছিল বের করে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর সেখানে গিয়ে পুলিশ ঘটনার ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্বজনেরা রাস্তা ছেড়ে চলে যান।
হাসপাতালের বাথরুম থেকে লাশ উদ্ধার: গতকাল সকালে রাজধানীর দারুসসালাম থানার ডেল্টা হাসপাতালের বাথরুম থেকে নাজমুল বারি খান (৪৬) নামের এক রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।
নাজমুলের স্ত্রী রাবেয়া কুমকুমের বরাত দিয়ে দারুসসালাম থানার এসআই সিদ্দিক হোসেন বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত নাজমুলকে গত ৩০ আগস্ট ডেল্টা হাসপাতালের ছয়তলার কেবিনে ভর্তি করা হয়। সকালে কেবিনের মধ্যে তাঁকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন তাঁর স্ত্রী। পরে বাথরুমের হ্যাঙ্গারের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো তাঁর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।